শিরোনাম

ব্যাটসম্যানদের আউটের ধরন নিয়ে হতাশ বাংলাদেশের কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ব্যাটসম্যানদের আউটের ধরন নিয়ে হতাশ বাংলাদেশের কোচ
বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স

প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধসে হতাশা লুকালেন না বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন নিয়ে হতাশ তিনি। তবে ভুলগুলো নিয়ে কাজ করে টেস্ট ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবেন ব্যাটসম্যানরা এমনই আশা সিমন্সের।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে ইনিংস ও ৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল গুটিয়ে গেছে ৫৪ রানে।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে টেস্ট ক্রিকেটার ছিলেন মোটে দুজন। ২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে বিধ্বস্ত করেছেন যিনি, সেই ক্যাম্পবেল থমসন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন একটি!

সিমন্স বলেন, ‘যে তিন দিন আমরা পেয়েছিলাম, বেশ ভালো কিছু কাজ হয়েছে। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। যদি খেয়াল করে দেখেন যেভাবে আমরা আউট হয়েছি, ভালো কিছু ছিল না।’

তবে দলের ওপর তার আস্থা আছে। সিমন্স আরও বলেন, ‘টেস্ট ম্যাচে যথাযথভাবে যা করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য তিন দিন আছে আমাদের। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে, টেস্ট ম্যাচে আমরা যেখানে থাকতে চাই, সেটির জন্য কাজগুলো করবে ওরা।’

আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের প্রথম টেস্ট।

/টিই/