জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারলো বাংলাদেশ
ম্যাচ শেষে হাত মেলান বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করেও প্রথম দল হিসেবে টেস্টে হারলো বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪০০ রান। দক্ষিণ আফ্রিকা ম্যাচটি জিতেছে ৯ উইকেটে।

বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয় ৫৫৭ রানে। তাতে ১৫৭ রানের লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ অলআউট হয় ১৬৮ রানে। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারের ষষ্ঠ বলে আউট হন অ্যাকারম্যান (০)। তাকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর এইডেন মার্করামকে বোল্ড করেছিলেন এবাদত হোসেন। তবে নো বল হওয়ায় বেঁচে যান মার্করাম।

তবু জয় পেতে দক্ষিণ আফ্রিকা খেলে মাত্র ১ ওভার ৩ বল। মার্করাম ৮ আর জুবায়ের হামজা শূন্য রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

এর আগে ৫ উইকেটে ১০০ রান নিয়ে টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ দল। দলীয় ১৩৪ রানে কাগিসো রাবাদা বোল্ড করেন লিটন দাসকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন এবার করেন ৩৯ রান। লিটন ফেরায় ষষ্ঠ উইকেটে ৪৭ রানের জুটি ভাঙে।

এরপর মুশফিকুর রহিমও আউট হন। হারমারের বলে তার ক্যাচের জন্য জোরাল আবেদন করেছিল দক্ষিণ আফ্রিকা। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা। এরপর মিরাজ (১৫), হাসান মাহমুদ (৪) ও এবাদত (০) দ্রুত ফিরলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ১৬৮ রানে শেষ হয়।

ম্যাচসেরা হয়েছেন কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ৭০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৩ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

সেঞ্চুরিয়নে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ এর দ্বিতীয় টেস্ট।

/টিই/