শিরোনাম

‘আমি হলে চারটি লাল কার্ড দেখতাম’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘আমি হলে চারটি লাল কার্ড দেখতাম’
সুইডেনের সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ

প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফরাসিদের এই জয়ের পর দলটির অনবদ্য শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ। বর্তমানে একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত সাবেক এ সুইডিশ তারকা ম্যাচ শেষে ফরাসি ফুটবলারদের পারফরম্যান্সের আলাদা মূল্যায়ন করেন।

ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেন্ট-জার্মেইয়ের সাবেক এ ফরোয়ার্ড মনে করেন, প্রতিপক্ষের কড়া মার্কিং ও অনবরত উসকানিমূলক আচরণের মুখেও ফরাসি খেলোয়াড়রা যেভাবে ধৈর্য ধরে রেখেছিলেন, তা ছিল প্রশংসনীয়। তার মতে, ম্যাচটি ফ্রান্সের জন্য একটি ভিন্নধর্মী পরীক্ষা ছিল। প্রতিপক্ষের পাতা ফাঁদে পা না দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখাই ছিল ম্যাচের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

টেলিভিশন উপস্থাপক রেবেকা লো এমন উত্তপ্ত পরিস্থিতিতে শান্ত থাকার জটিলতা নিয়ে প্রশ্ন করলে নিজের চেনা রসাত্মক ভঙ্গিতে উত্তর দেন ইব্রাহিমোভিচ। তিনি কৌতুক করে বলেন, এমন অবস্থায় শান্ত থাকা অত্যন্ত কঠিন এবং তিনি নিজে মাঠে থাকলে হয়তো চারটি লাল কার্ড দেখতেন কিংবা কাউকে মাঠ থেকেই বের করে দিতেন। তবে রসিকতার পাশাপাশি তিনি যোগ করেন, মাঠে উসকানি তার মোটেও পছন্দ নয় এবং তিনি সবসময় আসল ফুটবল উপভোগ করেন। উসকানির বিরুদ্ধে ফ্রান্সের মাঠের পারফরম্যান্সকেই সেরা জবাব হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। ইব্রাহিমোভিচ বলেন, তারা পুরোপুরি সংযম দেখিয়েছে, শান্ত থেকে গোল করেছে, ম্যাচ জিতেছে এবং হাসিমুখে সমর্থকদের সঙ্গে উদযাপন করেছে। কোয়ার্টার ফাইনালে পা রাখা ফ্রান্স বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় মরক্কোর মুখোমুখি হবে।

/এমএকে/