শিরোনাম

যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান
বলিউডের জনপ্রিয় অভনেতা শাহরুখ খান ও লস অ্যাঞ্জেলসে কেনা তার স্টেডিয়াম। ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

শাহরুখ খানের নাম শোনেননি পুরো বিশ্বে এরকম মানুষ হয়তো পাওয়া যাবে না। যারা বলিউড সিনেমা পছন্দ করেন তাদের কাছে খুব পছন্দের নাম শাহরুখ খান। যাকে কিং খানও বলেন অনেকে।

শাহরুখ খান শুধু যে চলচ্চিত্রেই অভিনয় করেন তা নয়, পাশাপাশি তিনি ক্রিকেট অঙ্গনেও সফল একজন উদ্যোক্তা। তার মালিকাধীন নাইট রাইডার্স গ্রুপ এবার যুক্তরাষ্ট্রে ক্রিকেট স্টেডিয়াম কিনে চমক সৃষ্টি করেছে।

সেই স্টেডিয়ামটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। মেজর লিগ ক্রিকেট (এমএলসি) টুর্নামেন্টের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়েছে ভেন্যুটির। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও ওয়াশিংটন ফ্রিডম।

গালফ নিউজে কিং খান বলেন, বহুদিনের একটি স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ফেয়ারপ্লেক্স ও নাইট রাইডার্সের অংশীদারত্বের লক্ষ্য শুধু একটি স্টেডিয়াম চালু নয় বরং এমন একটি প্রাণবন্ত কেন্দ্র গড়ে তোলা, যেখানে খেলাধুলার পাশাপাশি বিনোদন, পারিবারিক সময় কাটানো এবং কমিউনিটির বন্ধন আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, ‘এই ভেন্যুকে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের স্থায়ী ঠিকানা হিসেবে গড়ে তুলতে চাই আমরা।’

নাইট রাইডার্স স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইসোর বলেন, এটি কেবল একটি স্টেডিয়াম নয়, বরং বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক ক্রিকেট ব্র্যান্ড হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে নাইট রাইডার্স।

আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মিত স্টেডিয়ামটিতে মূল স্কয়ারে আটটি উইকেট, আইসিসির মানসম্মত মাঠের পরিমাপ এবং ১২০ ফুট উচ্চতার ফ্লাডলাইটের ছয়টি টাওয়ার রয়েছে।

বর্তমানে নাইট রাইডার্স গ্রুপের অধীনে চারটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এগুলো হচ্ছে কলকাতা নাইট রাইডার্স (আইপিএল), ত্রিনবাগো নাইট রাইডার্স (সিপিএল), আবুধাবি নাইট রাইডার্স (আইএলটি২০) এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (এমএলসি)।

/বিবি/