শিরোনাম

রোনালদো কি নকআউটের ‘কুফা’ কাটাতে পারবেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোনালদো কি নকআউটের ‘কুফা’ কাটাতে পারবেন
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের সঙ্গে জড়িয়ে আছে বহু রেকর্ড। তার ক্যারিয়ারে অর্জনের শেষ নেই। তবে একটি পরিসংখ্যানে এখনও পিছিয়ে সিআরসেভেন। বিশ্বকাপে নকআউট পর্বে এখন পর্যন্ত কোনো গোল করতে পারেননি পর্তুগিজ এই মহাতারকা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। ম্যাচটিতে ব্যক্তিগত এই দীর্ঘ আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে রোনালদোর সামনে।

২০০৬ বিশ্বকাপে অভিষেকের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে মোট ৮ ম্যাচ খেলেছেন এই ফরোয়ার্ড। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল- কোনো ধাপেই করতে পারেননি একটি গোলও। এবার ৪৮ দলের বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হয়েছে রাউন্ড অব থার্টি টু থেকে।

রোনালদোর গোলশূন্য এই অধ্যায়ের শুরু হয়েছিল ২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ দিয়ে।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রত্যাশা মেটাতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করে জবাব দেন। ম্যাচ শেষে ক্যামেরার সামনে চিৎকার করে বলেছিলেন, ‘আই অ্যাম ব্যাক!’ কিন্তু পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আবারও নিষ্প্রভ ছিলেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ গোলের সবকটি গ্রুপ পর্বে করেছেন রোনালদো। এবার নকআউটে গোল না করার কুফা কাটাতে পারেন কিনা রোনালদো সেটি দেখার।

/টিই/