শিরোনাম

বিএম কলেজ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
বিএম কলেজ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিএম কলেজ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বরিশালে একটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও দুই নারী ব্যবসায়ীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতাকর্মীদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজার মড়কখোলা পুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিক্ষোভকারীরা নগরীর সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জানা গেছে, গত সোমবার (২৯ জুন) দিবাগত রাতে নতুন বাজার মড়কখোলা পুল এলাকার একটি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীদের অভিযোগ, বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনের নেতৃত্বে একদল যুবক রেস্তোরাঁয় প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় রেস্তোরাঁর মালিক রেনু বেগম ও মালা আক্তারকে মারধর করা হয়। পাশাপাশি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা।

ঘটনার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ব্যবসায়ীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও একাত্মতা প্রকাশ করে ঝাড়ু মিছিল বের করেন। পরে তারা নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা বলেন, নারী ব্যবসায়ীদের ওপর হামলা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে আমাকে এবং আমার সংগঠনকে বিতর্কিত করার জন্য একটি মহল অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এফআর/