বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত জানালেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত জানালেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জড়িত থাকতে পারে বলে মনে করছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন নুসরাত তাবাসসুম। এ সময় তিনি বলেন, ‘ঘটনাটি দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো। দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তীতেও থাকব। এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।’

তিনি আরও বলেন,‘ আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুম বলেন, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এর আগে-পরে আরও কয়েকটি হুমকি কল পান। গত মঙ্গলবার পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির পরেও তার কাছে বেশ কিছু হুমকি এসেছে। বিশেষ করে গতকাল রাতে হামলাটি যখন হয় তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।

তিনি বলেন, ‘মধ্যরাতে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে।

অগ্নিকাণ্ডে এক শিশু আহত

সংবাদ সম্মেলনে বাড়ির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তারা আমাদের এ বাড়িটি দেখভাল করতেন।’

নুসরাত বলেন, ‘এ বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এ বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি। এ বাড়িটিতে বর্তমানে আমাদের গবাদিপশুর খামার আছে। আমার আত্মীয়-স্বজন ছিল। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পুড়িয়ে দেওয়া বাড়ির একটি কক্ষ। আগুনে বাড়ির অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পুড়িয়ে দেওয়া বাড়ির একটি কক্ষ। আগুনে বাড়ির অনেক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজে গেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর তারা এসেছে বলে জানান নুসরাত। পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি। দৌলতপুর উপজেলাতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে।

বর্তমানে সংসদ সদস্যদেরও নিরাপত্তা নেই

এনসিপির নেত্রী বলেন, ‘মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে আসলে সাধারণ অসাধারণ বলে কিছু নেই।

এর আগে গতকাল বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।