দুর্নীতির কথা বললেই লক্ষ্যবস্তু হচ্ছেন সাংবাদিক ও নাগরিকরা : শফিকুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতির কথা বললেই লক্ষ্যবস্তু হচ্ছেন সাংবাদিক ও নাগরিকরা : শফিকুল
আলোচনা সভায় বক্তব্য রাখছেন শফিকুল আলম। ছবি: সিটিজেন জার্নাল

দুর্নীতি, অনিয়ম কিংবা পরিবেশ ধ্বংসের বিষয় তুলে ধরলেই সাংবাদিক ও সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে চরিত্রহনন, মিথ্যা অপবাদ ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধিকার আয়োজিত ‘মতপ্রকাশ ও গণতান্ত্রিক ব্যবস্থার সংকট’ শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, অতীতে পুরো সমাজব্যবস্থার ওপর একটি ভয়ংকর ও নিয়ন্ত্রণমূলক চাদর ঢেকে দেওয়া হয়েছিল, যাতে মানুষের মাঝে সর্বদা ভয় কাজ করে। সংবাদ প্রকাশ দমাতে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো বিভিন্ন নিবর্তনমূলক টুল ব্যবহার করা হলেও সেই সময় হাসিনাকে জনগণ ও সমাজের মন জয় করতে ব্যর্থ হয়েছে।

বর্তমান সাইবার সুরক্ষা আইন সংশোধন ও সাংবাদিকদের বিভিন্ন উদ্বেগকে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অধিকাংশ কনসার্ন ইতোমধ্যে অ্যাড্রেস করা হয়েছে এবং সরকারের সাথে সাংবাদিক সমাজের নিবিড় যোগাযোগ ও আলোচনা চলছে। তবে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতার নামে একশ্রেণির নন-স্টেট অ্যাক্টরদের (রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকা ব্যক্তি বা গোষ্ঠী) স্বেচ্ছাচারিতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শফিকুল আলম বলেন, বর্তমানে শুধুমাত্র সরকার নয়, বরং সমাজের বিভিন্ন পুঁজিপতি ও প্রভাবশালী ব্যক্তিরাও ফ্রিডম অব এক্সপ্রেশনের মূল নীতিকে অপব্যবহার করছেন। সাধারণ নাগরিক, সাংবাদিক বা সুধী সমাজের কেউ যদি কোনো অনিয়ম, দুর্নীতি বা পরিবেশ ধ্বংসের কথা তুলে ধরেন, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এমনকি চরিত্রহনন, মিথ্যা অপবাদ এবং মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটছে, যা অত্যন্ত ভয়ানক।

তিনি আরও বলেন, ১৯৭২ সাল থেকে মানহানির আইনে সাধারণ মানুষ বা ক্ষতিগ্রস্তরা কখনোই উপযুক্ত প্রতিকার পাননি। অথচ বর্তমান অনলাইন যুগে যে কেউ ইচ্ছেমতো যেকোনো ব্যক্তির চরিত্রহনন বা মানহানিকর তথ্য প্রকাশ করতে পারছে এবং তা স্থায়ীভাবে থেকে যাচ্ছে, যা ভুক্তভোগী ও তার পরিবারের জন্য সারাজীবনের ভোগান্তি বয়ে আনে। আন্তর্জাতিক মানদণ্ড ও আইনি কাঠামোর সাথে সংগতি রেখে এই ধরনের অরাজকতার বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাষ্ট্র এবং সুধী সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান শফিকুল আলম। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে মানহানি বা অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা আমাদের দেশেও কার্যকর করা উচিত।

সংবাদ প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা এবং ভুয়া তথ্য ও সাইবার বুলিং রোধে একটি শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।

আলোচনা সভায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/