এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন
(ইনসেটে) এমপি নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এনসিপি নেতারা অভিযোগ, নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে।

এছাড়া, ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশু ছিল। সেগুলো উদ্ধার করা সম্ভব হলেও আগুনে আসবাবপত্র পুড়ে যায় এবং দুটি ছাগল পুড়ে গেছে।

নুসরাত তাবাসসুমের মা জোহরা খাতুন পাপিয়া গণমাধ্যমকে বলেন, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে বাড়িতে গিয়ে দেখি, বেশ কয়েকটি কক্ষে দাউদাউ করে আগুন জ্বলছে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, নুসরাত তাবাসসুমের মা-বাবা ২০ থেকে ৩০ হাত দূরে আরেকটি তিন তলা ভবনে থাকেন। সেখানে আগুন লাগে নাই। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

তবে ওই বাড়িতে পেট্রোল বোমা চালানো হয়েছে কি না?- সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, এ ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

প্রসঙ্গত, নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে।

/এফআর/