জামায়াত-শিবিরের গালিগালাজের কারণে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জামায়াত-শিবিরের গালিগালাজের কারণে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ওদের বিরুদ্ধে ভয়ে কথা বলে না।

শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ ওদের বিরুদ্ধে ভয়ে কথা বলে না। কিন্তু অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও আমার মতো হাতেগোনা কয়েকজন ওদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

তিনি লিখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে ওদের সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে যে, ওদের আমির থেকে কর্মী সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। ওরা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। ওরা সম্মিলিত সাইবার অ্যাটাক করে কাউকে থামিয়ে দিতে চেষ্টা করে।ঠিক আমি যখন একের পর এক ওদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছি, তখন জামায়াত-শিবিরের একদম টপ টু বটম নেতাকর্মী আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। যেটা জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায় যে, আমার দ্বারা ওদের মতো জান্নাতি দলের নির্মিত মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেন, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সাথে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুলের পর জামায়াতের আরেক এমপি আমির হামজার নারীঘটিত অনৈতিক কাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। যেকারণে ওরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে আমার বিরুদ্ধে নেমেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক পোষ্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক পোষ্ট

তিনি লিখেন, একটু খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ ওদের সাথে মেশে না। ওরা ওদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে৷ বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, দেখবেন, একটা সময় আসবে যখন মানুষ জামায়াত-শিবিরের ধারে-কাছেও যেতে চাইবে না।

/এসবি/