শিরোনাম

দুর্ঘটনার কারণ চালকদের প্রশিক্ষণের অভাব: জামায়াত আমির

সিটিজেন ডেস্ক
দুর্ঘটনার কারণ চালকদের প্রশিক্ষণের অভাব: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রতিনিয়ত মানুষের জীবন কেড়ে নিচ্ছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ কালে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ভোররাত ৩টার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত ছয়জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহতদের জন্য দোয়া এবং তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, একের পর এক সড়ক দুর্ঘটনা প্রমাণ করছে যে দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও অব্যবস্থাপনা বিরাজ করছে। বেপরোয়া গতি, যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, চালকদের প্রশিক্ষণের অভাব এবং মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে তিনি এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন ।

জামায়াত আমির এই পরিস্থিতিতে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, চালকদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করা এবং মহাসড়কে কার্যকর নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

/এসএ/