শিরোনাম

‘দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকবো না’

নিজস্ব প্রতিবেদক
‘দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকবো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকবো না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে আমরা সহযোগিতা করব। কিন্তু দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না। আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব। এটাই হবে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের কাজ।

তিনি বলেন, জাপান বাংলাদেশকে নিয়ে ইতিবাচক চিন্তা করে। বর্তমান সংসদ বিগত সংসদের চেয়ে ব্যতিক্রম বলে মনে করছে জাপান। বিরোধী দল যেমন সরকারের সমালোচনা করছে, তেমনি সহযোগিতাও করছে-এটি তাদের নজর কেড়েছে। এভাবে সবাই যদি দেশকে ভালোবাসে, তাহলে জাপানও বাংলাদেশের প্রতি সৌহার্দ্য আরো বাড়াবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশে বিপুল সংখ্যক ক্যান্সার রোগী রয়েছেন, কিন্তু আমরা তাদের জন্য পর্যাপ্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে পারিনি। দু-একটি ডেডিকেটেড ক্যান্সার হাসপাতাল থাকলেও সেগুলোতে পর্যাপ্ত দক্ষতা না থাকায় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক কষ্ট সহ্য করে রোগীদের বিদেশে যেতে হয়। আর যাদের সামর্থ্য নেই, তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়েন।

তিনি বলেন, আমরা জাপানকে আহ্বান জানিয়েছি, তারা যেন আমাদের দেশে একটি বিশ্বমানের ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল গড়ে তোলে। শুধু হাসপাতাল হলে মানুষ কেবল চিকিৎসা পাবে, কিন্তু ইনস্টিটিউট হলে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে। জাপান বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। আমরা আশা করছি, তারা ইতিবাচকভাবেই এগোবে।

/এসবি/