শিরোনাম

বিকাশ নগদ ও জান্নাতের টিকিট দেশবাসী প্রত্যাখ্যান করেছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক
বিকাশ নগদ ও জান্নাতের টিকিট দেশবাসী প্রত্যাখ্যান করেছে: বিএনপি
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত

বিকাশ, নগদ ও জান্নাতের টিকিট দেশবাসী প্রত্যাখান করেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

মাহদী আমিন আরও বলেন, একটি দল মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টিসহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। সেই দলের অনেকেই ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

এ সময় বগুড়ায় ঘটে যাওয়া এক ঘটনার বিবরণ দিয়ে মাহদী আমিন বলেন, ‘আমরা উদাহরণস্বরূপ শুধু একটি মর্মান্তিক ঘটনা এখানে উল্লেখ করতে চাই। বগুড়া-৪ আসনে নন্দীগ্রামে জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় খালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখের দৃষ্টি হারানোর খবর ছড়িয়ে পড়লে তার মা হার্ট অ্যাটাক করে মারা যান। আমরা তীব্র নিন্দা এবং দ্রুত বিচারের দাবি জানাই।’

নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বায়ন জানানো হয়। তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আমরা উৎসাহের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু সন্ত্রাসীর এই অরাজকতা রুখে দিয়ে মানুষ প্রবল উৎসাহ নিয়ে ভোট প্রদানের প্রস্তুতি নিচ্ছে।’

টাকা দিয়ে ভোট কিনতে যাওয়াদের মানুষ প্রত্যাখ্যান করছে বলে মাহদী আমিন বলেন, ‘অনেক জায়গায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে সেই দলের দুর্বৃত্তরা জনতার প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। শুধু তাই নয় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি। ভোটারদের টাকা দিতে যাওয়া, বিকাশ নম্বর নেয়াসহ একটি দলের নানা অনৈতিক কর্মকাণ্ড অনেক জায়গাতেই জনগণই প্রতিহত করেছে। এসব অনৈতিক কর্মকাণ্ড নির্বাচনকে প্রভাবিত করার প্রমাণ।’

উল্লেখ্য, এর আগে জরুরি সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে তাদের সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটকের বিষয়টি নাটক সাজিয়ে প্রচার করা হচ্ছে।

/টিই/