শিরোনাম

জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্ল্যাকার্ড প্রদর্শন নিয়ে সংঘর্ষে আহতদের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ আগস্ট) দুপুরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতাদের ও সাধারণ শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় জামায়াত আমির চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেন।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত কয়েক দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এসব হামলায় ছাত্রশিবিরের বহু নেতাকর্মী আহত হয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএসসহ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

তিনি আরও বলেন, এসব হামলায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে যদি উল্টো ভুক্তভোগীদের হয়রানি করা হয়, তাহলে জনগণ ভুল বার্তা পাবে।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শনের সময় হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি, ছাত্রশিবিরের জবি শাখার সভাপতি, জকসুর ভিপি, সাংবাদিকসহ প্রায় ৫০ জন আহত হন।

/এফআর/