শিরোনাম
স্মরণসভায় বক্তারা

‘সালাম তালুকদারের রাজনীতি ছিল মানুষের জন্য’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
‘সালাম তালুকদারের রাজনীতি ছিল মানুষের জন্য’

বিএনপির সাবেক মহাসচিব ও জাতীয় নেতা ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জামালপুর সমিতি, ঢাকা এ সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের রাজনীতির মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক শিষ্টাচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধের কারণে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের স্মৃতিচারণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামালপুর সমিতির সহসভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান। তিনি তাঁর আইন পেশা, সামাজিক কর্মকাণ্ড ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, রাজনীতিতে ক্ষমতার প্রভাব দেখানোর মানুষের অভাব নেই। তবে নীতি ও আদর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মতো প্রজ্ঞাবান রাজনীতিকের অভাব রয়েছে। আবদুস সালাম তালুকদার ছিলেন তেমনই একজন রাজনীতিক।

মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতার গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও আবদুস সালাম তালুকদার বিনয়ী ছিলেন। দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা এবং রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সৌজন্যবোধ আজকের রাজনীতিতেও অনুসরণীয়।

বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, আবদুস সালাম তালুকদার শুধু জামালপুর বা বিএনপির নেতা ছিলেন না, তিনি দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

ফরিদুল কবীর তালুকদার বলেন, ব্যক্তিগতভাবে আবদুস সালাম তালুকদার তাঁর কাছে বটবৃক্ষের মতো ছিলেন। তাঁর কাছ থেকে দেশপ্রেম ও রাজনীতির শিক্ষা পেয়েছেন। ক্ষমতার শীর্ষে থেকেও কীভাবে সাধারণ মানুষের কাছাকাছি থাকা যায়, তিনি তা দেখিয়ে গেছেন।

সভায় প্রধান আলোচক ছিলেন জামালপুর সমিতির মহাসচিব ও চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি বলেন, আবদুস সালাম তালুকদার শুধু রাজনীতিবিদ বা আইনজীবী ছিলেন না, তিনি একজন মানবিক মানুষও ছিলেন। ক্ষমতা ও পদের চেয়ে মানুষের কল্যাণকে তিনি বেশি গুরুত্ব দিতেন।

ডা. হাবিবুল্লাহ তালুকদার বলেন, জামালপুরের মানুষের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও চিকিৎসাসেবামূলক উদ্যোগে আবদুস সালাম তালুকদারের অবদান রয়েছে।

অনুষ্ঠানে জামালপুর সমিতির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহসান হাবীবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এবি/