রেকর্ড দামে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রেকর্ড দামে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
‘চেস্টনাট ট্রিস ইন ব্লোসম’

নাৎসি আমলের মালিকানা নিয়ে চলা জটিলতা কাটিয়ে ভিনসেন্ট ভ্যান গগের আঁকা ‘চেস্টনাট ট্রিস ইন ব্লোসম’ ছবিটি রেকর্ড ১৯০.৪ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে বলে জানিয়েছে সোথবি’স। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় ২ হাজার কোটিরও বেশি। ছবিটি ডাচ এই শিল্পীর ক্যারিয়ারে নতুন মাইলফলক গড়েছে পাশাপাশি চলতি মৌসুমে নিলামে ওঠা সবচেয়ে দামি শিল্পকর্মও এটি। এর আগে ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কের ক্রিস্টি’স নিলামে ভ্যান গগের ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ বিক্রি হয়েছিল ১১৭.২ মিলিয়ন ডলারে, যেটি এতদিন ছিল তার ছবির সর্বোচ্চ নিলাম মূল্য।

‘চেস্টনাট ট্রিস ইন ব্লোসম’ ছবিটির পুরোনো মালিকানা ঘিরে সাম্প্রতিক সময়ে বেশ টানাপোড়েন চলছিল। ১৯০৯ সালে প্রভাবশালী জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার এটি কিনেছিলেন, আর তার পরিবার ১৯৩৬ সালে ছবিটি বিক্রি করে দেয়। ফিশারের উত্তরসূরিদের দাবি ছিল, নাৎসি শাসনামলে আর্থিক সংকটে পড়েই পরিবারকে সে সময় ছবিটি হাতছাড়া করতে হয়েছিল। এ নিয়ে তাদের পক্ষ থেকে বার্লিনের আইনজীবী গুনার শ্ন্যাবেল সোথবি’সকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, ছবিটি আসলেই ন্যায্য বাজারদরে বিক্রি হয়েছিল এবং রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, পরিবারটি সেটি এমনিতেই বিক্রি করত কি না- তা প্রমাণ করতে হবে। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করলেও শ্ন্যাবেল সাড়া দেননি।

অন্যদিকে, ১৯৭৫ সালে ছবিটি কেনে ব্লাকিয়ার-আরিয়েতা পরিবার। সোথবি’সের তথ্য অনুযায়ী, পাঁচ দশকেরও বেশি সময় ধরে ছবিটি তাঁদের কাছেই ছিল। তবে নিলামের ঠিক আগের দিন, ১৭ নভেম্বর সোথবি’স জানায়, ভিনসেন্ট ভ্যান গগের ‘শ্যাটাইনিয়ার এন ফ্লোর’ চিত্রকর্মটির বিক্রয় সংক্রান্ত বিষয়ে ব্লাকিয়ার-আরিয়েতা পরিবার এবং হেডউইগ ও স্যামুয়েল ফিশারের সকল বৈধ বংশধরদের মধ্যে একটি চুক্তি হয়েছে।

এ সমঝোতার পর সোথবি’সের মাধ্যমে ফিশার পরিবারের উত্তরাধিকারীরা জানান, তারা সোথবি’স এবং ব্লাকিয়ার-আরিয়েতা পরিবারের সঙ্গে আস্থাপূর্ণ ও ন্যায্য আলোচনা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞ। এর ফলে নাৎসি যুগে ফিশার পরিবারের দুর্ভোগকে স্বীকার করা এবং গিসেলা বারম্যান ফিশারের তার পরিবারের জন্য ন্যায়বিচার চাওয়ার ইতিহাসকে সম্মান জানানো সম্ভব হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এমএকে/