পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
কুয়াশায় ফেরি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে নৌরুটে ফেরি চলাচল এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, বুধবার ভোর থেকেই ব্যাপক কুয়াশা শুরু হয়। এর ঘনত্ব এতটাই বেশি যে নদীতে সামান্য দূরের কোনো বস্তুও দেখা যাচ্ছে না। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে মোট ৯টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রয়েছে।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা রয়েছে। এছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝনদীতে অবস্থান করছে।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে নদীতে দৃষ্টিসীমা অত্যন্ত কমে গেছে। সামান্য দূরের বস্তুও দেখা যাচ্ছে না। এমতাবস্থায় দুর্ঘটনার আশঙ্কা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

/জেএইচ/