পোশাক শ্রমিকদের মুনাফার ভাগও দিতে হবে: সংসদ সদস্য নিলু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পোশাক শ্রমিকদের মুনাফার ভাগও দিতে হবে: সংসদ সদস্য নিলু
গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। ছবি: সিটিজেন জার্নাল

পোশাক শ্রমিকদের জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের মুনাফায় তাদের অংশীদারত্বের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নিলু। তিনি বলেছেন, শুধু বেতন বাড়িয়ে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন সম্ভব নয়। উৎপাদন ও ব্যবসায় অর্জিত মুনাফার একটি অংশ শ্রমিকদের দেওয়া হলে তাদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ আয়োজিত ‘পোশাক শ্রমিকদের ন্যায্য ও জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি নির্ধারণ: বাস্তবতা, মানদণ্ড ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান।

গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। ছবি: সিটিজেন জার্নাল
গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। ছবি: সিটিজেন জার্নাল

নাজমুন নাহার নিলু বলেন, ছোটবেলা থেকেই শিল্পাঞ্চলে বড় হয়েছি। খুলনায় বেড়ে ওঠার সময় শিল্প-কারখানার শ্রমিকদের আন্দোলন দেখেছি। ফলে শ্রমিকদের জীবনসংগ্রাম ও তাদের দাবি-দাওয়ার বিষয়টি আমার কাছে নতুন নয়।

তিনি বলেন, ১০০ টাকায় এখন এক কেজি মসুর ডালও কেনা যায় না। অথচ শ্রমিকদের ঘরভাড়া, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় নানা খরচ বহন করতে হয়। বর্তমান বাজারদরে শ্রমিকদের জীবনধারণ কতটা কঠিন, তা উপলব্ধি করা প্রয়োজন। শ্রমিকদের পক্ষ থেকে যে ন্যূনতম মজুরির দাবি জানানো হয়েছে, সরকার তা বিবেচনা করে মেনে নেবে বলে আশা করছি।

বক্তব্যে নারী শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের বিষয়টিও তুলে ধরেন নাজমুন নাহার নিলু। তিনি বলেন, পোশাকশিল্পে বিপুলসংখ্যক নারী শ্রমিক কাজ করলেও তাদের সমস্যাগুলো আলোচনায় যথেষ্ট গুরুত্ব পায় না। অনেক নারী শ্রমিক নিজেদের অধিকার ও কর্মক্ষেত্রের অসুবিধার কথা প্রকাশ্যে বলতে পারেন না। তারা যতটুকু সুযোগ-সুবিধা পান, তা নিয়েই সন্তুষ্ট থাকেন। কিন্তু তাদের প্রকৃত প্রয়োজন ও সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

গাজীপুরে নারী শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, সংসদেও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। গাজীপুরে বিপুলসংখ্যক পোশাকশ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল প্রয়োজন। বিশেষ করে নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া উচিত।

বিদেশে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকদের দুর্দশার প্রসঙ্গ টেনে নাজমুন নাহার নিলু বলেন, বিভিন্ন দেশে অনেক নারী শ্রমিক কারাগারে রয়েছেন। তাদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

সৌদি আরবে এক বাংলাদেশি নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই নারীর বিরুদ্ধে অভিযোগ কী ছিল, সেটি মূল বিষয় নয়। বরং, বিদেশে বিপদে পড়া নারী শ্রমিকদের পাশে বাংলাদেশ কতটা দাঁড়াতে পারছে, সেটিই গুরুত্বপূর্ণ।

/এফসি/