পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণে ৩ ধাপের প্রস্তাব সিপিডির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পোশাক খাতে ন্যূনতম মজুরি নির্ধারণে ৩ ধাপের প্রস্তাব সিপিডির
মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যসহ অন্যরা

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং মুদ্রাস্ফীতি বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপনের সময় এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা প্রধান তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিপিডির গবেষণায় জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে তিনটি ভিন্ন স্তরে সম্ভাব্য মজুরির হিসাব তুলে ধরা হয়েছে। প্রথমত ২০২৩ সালের নভেম্বর মাসে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে বজায় রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হতে হবে, যা বাস্তবে শ্রমিকদের জীবনযাত্রার মান বাড়াবে না, কেবল আগের ক্রয়ক্ষমতা টিকিয়ে রাখবে।

দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারের জন্য কেবল উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে টিকে থাকার ন্যূনতম খরচ মেটাতে প্রতি আয়কারীকে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা আয় করতে হবে।

তৃতীয়ত, অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে একটি মৌলিক ও সম্মানজনক জীবনযাপনের জন্য চার সদস্যের পরিবারের একজন কর্মীর জন্য ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন।

সিপিডি নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, আমরা বেতন কাঠামোর কথা এখানে উল্লেখ করেছি। তবে বর্তমান জীবনযাত্রার বিবেচনায় নিয়ে ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাবনা থাকবে।

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক চাপের মধ্যে কোনো ধরনের চাপিয়ে দেওয়া বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত এবং প্রমাণের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা দরকার। বর্তমান নিয়মে কোনো বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের মুখে তাড়াহুড়ো করে মজুরি বোর্ড গঠন করা হয়, যা দীর্ঘমেয়াদে সংকট সমাধান করে না।

সিপিডির সুপারিশ, মজুরি পুনর্বিবেচনার অন্তত ৬ মাস আগে মজুরি বোর্ড গঠন করা উচিত, যাতে অনাকাঙ্ক্ষিত অসন্তোষ এড়ানো যায়। কোনো ধরনের আবেগ বা চাপভিত্তিক দরকষাকষি নয়, বরং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত এবং শ্রমিক পরিবারের প্রকৃত আকার ও আয়কারীর সংখ্যা বিবেচনা করে মজুরি নির্ধারণ করতে হবে।

/এফসি/