শিরোনাম

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
চলছে গণনা। ছবি: ছবি: হারুন-অর-রশীদ

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। তা চলে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার কাজ শুরু হয়েছে।

কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশের বেশিরভাগ জায়গায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।

ভোট দিতে এসে নতুন ভোটারদের উচ্ছ্বাস দেখা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোয় নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। তবে ঢাকার বাইরে গোপালগঞ্জ-ফরিদপুরের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল।

ইসি জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা জানতে অপেক্ষা করতে হবে কিছু সময়।

বিশৃঙ্খল ঘটনার মধ্যে দেশের কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ভোট কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন।

ঢাকা-৮ আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, মির্জা আব্বাস মহিলা কলেজের কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা গেছে। এখানে তার এজেন্টদের তিন ঘণ্টা ঢুকতে দেওয়া হয়নি।

মেহেরপুরের মুজিবনগর জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জামায়াত ও বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে দুই দলের কর্মী-সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

ফরিদপুরে ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। মুন্সিগঞ্জের সদর উপজেলার মাকাহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

/টিই/