গণপূর্ত মন্ত্রণালয়ের ১২ প্যাকেজে কাজের সুযোগ, আবেদন শুরু সোমবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গণপূর্ত মন্ত্রণালয়ের ১২ প্যাকেজে কাজের সুযোগ, আবেদন শুরু সোমবার
কোলাজ: সিটিজেন জার্নাল

সরকারি বিভিন্ন দপ্তরে পণ্য সরবরাহ ও সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা। এ লক্ষ্যে ১২টি প্যাকেজে সরবরাহকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আগ্রহীরা আগামীকাল (২৩ নভেম্বর) থেকে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর বিকেল ৪টা।

মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের ক্রয় পরিকল্পনায় এসব পণ্য ও সেবা কেনার বিষয়টি রাখা হয়েছে। সামাজিক ক্রয় ক্যাটাগরির আওতায় প্যাকেজগুলোতে কেবল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। পরবর্তী সময়ে ই-জিপির মাধ্যমে সীমিত দরপত্র পদ্ধতিতে এসব পণ্য ও সেবা কেনা হবে।

রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২টি প্যাকেজের মধ্যে সাতটি পণ্য সরবরাহ এবং পাঁচটি সেবা দেওয়ার জন্য। পণ্য সরবরাহের তালিকায় রয়েছে কম্পিউটার সামগ্রী, স্ট্যাম্প ও সিল, প্রকাশনা, পোশাক, কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম, অফিস সরঞ্জাম এবং অফিসের আসবাবপত্র।

সেবার ক্ষেত্রে রয়েছে কম্পিউটার, অফিস সরঞ্জাম ও আসবাবপত্র মেরামত এবং রক্ষণাবেক্ষণ। এ ছাড়া মোটরযান মেরামত এবং সফটওয়্যার ও ডাটাবেজ রক্ষণাবেক্ষণের কাজও রয়েছে।

আবেদন করতে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং নতুন উদ্যোক্তাদের ৫ হাজার টাকা জমা দিতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য আবেদন ফি ৩ হাজার টাকা। নির্ধারিত ফি সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নামে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়া যাবে ২৩ নভেম্বর সকাল ৯টা থেকে ৬ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত ফরম পূরণ করে মুখবন্ধ খামে বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর ভবনের ২০৪ নম্বর কক্ষে সহকারী সচিবের (প্রশাসন শাখা-৫) দপ্তরে রাখা তালাবদ্ধ বাক্সে আবেদন জমা দিতে হবে।

আবেদনের নিয়ম, যোগ্যতা, পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় ফরম পাওয়া যাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটের টেন্ডার বিভাগে। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে www.mohpw.gov.bd/pages/tenders ঠিকানায়।

/এফআর/