দেশে ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি
র‍্যাপিডের গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে গতকাল শনিবার স্থানীয় এক হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়

দেশে ধনী মানুষের চেয়ে গরীবদের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাটের বোঝা অনেক বেশি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। আর সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাট তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। এই হিসাব অনুযায়ী সবচেয়ে ধনীদের চেয়ে সবচেয়ে গরিবদের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা সাত গুণ বেশি।

অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে দিতে হয়। আর দরিদ্র পরিবারগুলোর আয় করযোগ্য আয়সীমার নিচে থাকে।

ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণা করা হয়। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণার ফল গতকাল শনিবার (২১ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

গবেষণায় আরও উঠে এসেছে, ব্যক্তি আয়করের সম্ভাব্য রাজস্ব মূলত উচ্চ আয়ের পরিবারগুলোর মধ্যে কেন্দ্রীভূত। সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবারগুলো মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা। অন্যদিকে নিম্নতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। ফলে আয়করভিত্তি সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান মনোযোগ দেওয়া প্রয়োজন উচ্চ আয়ের পরিবারগুলোতে।

গবেষণায় পাওয়া গেছে, ব্যক্তি আয়করের আওতায় নিবন্ধিত সক্রিয় করদাতার সংখ্যা অত্যন্ত কম। মোট শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। কর শনাক্তকরণ নম্বরধারীদের (টিআইএনধারী) মধ্যেও আয়কর রিটার্ন জমা দেওয়ার হার সীমিত। ব্যক্তি ও অন্যান্য শ্রেণির ক্ষেত্রে এই হার ৪৩ দশমিক ১ শতাংশ এবং কোম্পানির ক্ষেত্রে ২৩ দশমিক ৬ শতাংশ।

র‍্যাপিডের গবেষণা বলছে, আয়ের চেয়ে সম্পদের বণ্টনে বৈষম্য অনেক বেশি। দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে দেশের মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭ দশমিক ৪ শতাংশ রয়েছে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে সম্পদের ৭৬ দশমিক ৪ শতাংশ।

/আরএ/