শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ভেনেজুয়েলায় ভূমিকম্পে বিধ্বস্ত এক ভবনের সামনে স্থানীয়রা। ছবি: আনাদোলু

মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুই ভূমিকম্পে ভেনেজুয়েলা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ হাজারের অধিক মানুষ।

শুক্রবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা প্রায় ২৩৫ জনকে হারিয়েছি। এছাড়া আরও অন্তত ৪ হাজার ৩০০ জন আহত হয়েছেন।’

আলভারাদো আরও বলেন, ‘হতাহতের অধিকাংশই ঘটেছে উত্তরাঞ্চলীয় উপকূলীয় রাজ্য লা গুয়াইরায়। অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে জোরালো উদ্ধার তৎপরতা চলছে। কর্মকর্তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে।

এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ইউএসজিএস বলছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ।

সূত্র: আল জাজিরা, সিএনএন

/জেএইচ/