শিরোনাম

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত
নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)

জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মারা যান। তার মৃত্যুর বিষয়টি শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার চরম অবনতি ঘটে এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সেই আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

আইন অনুযায়ী, মৃত প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক ‘বৈধ প্রার্থী’ হিসেবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

তবে আইনে কিছু বিশেষ ব্যতিক্রমও রয়েছে। যদি প্রার্থী চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে স্বীকৃত হওয়ার আগেই মারা যান বা ওই আসনে একই দলের বিকল্প বৈধ প্রার্থী থাকেন, তবে ওই আসনের নির্বাচন স্থগিত করার প্রয়োজন হয় না।

/জেএইচ/