শিরোনাম

আরব আমিরাতকে পুনরায় শ্রম ভিসা দেওয়ার অনুরোধ

আরব আমিরাতকে পুনরায় শ্রম ভিসা দেওয়ার অনুরোধ
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য শ্রম ভিসা পুনরায় চালু করতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই অনুরোধ জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং আমিরাতে অবস্থানরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান এবং শ্রম ভিসা পুনরায় চালুর পাশাপাশি ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা সহজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের বিষয় পুনর্ব্যক্ত করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি প্রাইম মিনিস্টার ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ফার্স্ট নীতির অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পিপিপি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ জনগণের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করে।

এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মগুলোর নিয়মিত বৈঠক আয়োজনের ওপর জোর দেন।

/জেএইচ/