শিরোনাম

বগুড়ার পথে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
বগুড়ার পথে প্রধানমন্ত্রী
সোমবার (২০ এপ্রিল) ভোর ৬ টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বাসযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বগুড়া যাচ্ছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬ টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তিনি বাসযোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিনী ডা. জোবায়ের রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বার্তা এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। তিনি বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন ও বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন করবেন। এছাড়া বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি কর্পোরেশন করে এর ফলক উন্মোচন।

এছাড়া বেলা পৌনে ১টায় বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন। বিকাল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জনসভা শেষে তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করবেন।

কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করার কথা রয়েছে।

/জেএইচ/