শিরোনাম

রিট খারিজ, শুক্রবারই হবে ৫০তম বিসিএস পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
রিট খারিজ, শুক্রবারই হবে ৫০তম বিসিএস পরীক্ষা
হাইকোর্ট ভবন (ছবি: সংগৃহীত)

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ আদেশ দেন। ফলে স্বাভাবিকভাবে শুক্রবার (৩০ জানুয়ারি) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে এনামুল হকসহ চার প্রার্থী বুধবার (২৮ জানুয়ারি) রিট করেন। রিটটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৭৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিট আবেদনকারীদের আইনজীবী নাজমুস সাকিব শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে স্বাভাবিক নিয়মে আগামীকাল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে ৮টি বিভাগীয় শহরে ১৯০টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।

এই বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

/টিই/