শিরোনাম

সংসদ অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
সংসদ অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
জাতীয় সংসদ ভবন। ছবি: হারুন-অর-রশীদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পণা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংসদ অধিবেশন কতদিন চলবে তা ঠিক হয়। গত ১২ মার্চ থেকে শুরু হওয়া এ সংসদ অধিবেশনের দিন নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত।

তিনি আরও বলেন, সংসদে যেসব অধ্যাদেশ বা বিল আসবে সেগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হবে। যেগুলোকে সংসদীয় কমিটি পাসযোগ্য মনে করবে, সেগুলোই পরে সংসদে উত্থাপন করা হবে। এছাড়া সংসদের বিভিন্ন কমিটি ও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা নির্দিষ্ট সময় ধরে আলোচনা করবেন। সব মিলিয়ে ঈদের আগে অধিবেশন শেষ হচ্ছে না বলে জানান তিনি।

তিনি বলেন, প্রতিটি সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং সেই ভাষণের ওপর দীর্ঘ আলোচনায় অংশ নেন সংসদ সদস্য ও মন্ত্রীরা। এ কারণে সাধারণত সংসদের প্রথম অধিবেশন তুলনামূলকভাবে দীর্ঘ হয়।

গত বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশনের প্রথম দিনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তা বর্জন করে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

তাদের ওয়াকআউটের মধ্যেই রাষ্ট্রপতি তার ভাষণ অব্যাহত রাখেন। প্রথা অনুযায়ী অধিবেশনে বিভিন্ন সংসদীয় কমিটি গঠন, আইন প্রণয়ন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

/জেএইচ/