শিরোনাম

এনসিটি ইজারার উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা সাখাওয়াতসহ চারজনের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা সাখাওয়াতসহ চারজনের কুশপুত্তলিকা দাহ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে কুশপুত্তলিকা দাহ কর্মসূচির আয়োজন করা হয় (ছবি:সংগৃহীত)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কয়েকজনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যায়িত করে তাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এখানে ‘ইকোনমিক হিটম্যান’ বলতে প্রভাবশালী মধ্যস্থতাকারীদের বোঝানো হয়, যারা উন্নয়ন ঋণ, নীতি-পরামর্শ ও করপোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোকে উচ্চ ঝুঁকির ঋণ, অসম চুক্তি ও কৌশলগত বিনিয়োগে আবদ্ধ করে ফেলেন। এর ফলে ওই দেশের কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।

কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী বলেন, ‘এখানে শুধু এই বন্দর জড়িত না, আমাদের পাহাড়ও জড়িত। পাহাড়ের যে ভূমি আছে, এটা হুমকির মুখে থাকবে। এ জন্য আমরা সরকারের কাছে দ্রুত সমাধান চাই।’

/বিবি/