শিরোনাম

মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
কোলাজ: সিটিজেন জার্নাল

কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় হিসেবে গড়ে তোলা হবে এবং কোনো ধরনের অবৈধ তদবির চলবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন। এতে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

সভায় স্বরাষ্ট্মন্ত্রী বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অপরাধে জড়িত থাকলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মব সংস্কৃতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। তবে যৌক্তিক দাবি আদায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল, সমাবেশ বা স্মারকলিপি দেওয়ার সুযোগ থাকবে।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। বাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা পুনরুদ্ধারে কাজ করতে হবে।

/এসএ/