দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন: কোথায় কী ঘটেছে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন: কোথায় কী ঘটেছে
বাসে আগুন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন লাগার ঘটনা ঘটছে। এতে জনমনে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, নওগাঁ, কিশোরগঞ্জসহ আরও কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

রাজধানীতে ৪ বাসে আগুন

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মোট ৪ বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এছাড়া দিবাগত রাত ১টার দিকে ধামরাই উপজেলা ভূমি অফিসের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

এরপর রাত ২টা ৮ মিনিটে সাভার পৌর এলাকার ময়লার মোড়ে সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টি ইউনিটের চেষ্টায় রাত ২টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গাজীপুরে ২ বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে একই মালিকের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে প্রথম বাসটিতে আগুন দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলী ফিলিং স্টেশনের পাশে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। দুটি বাসই আজমেরী পরিবহনের এবং সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস দুটি মেরামতের জন্য সেখানে রাখা হয়েছিল বলে জানান মালিক সজল মিয়া।

মানিকগঞ্জে পার্কিং করা বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পার্কিং করা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন নবীন সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় বাসটি পার্কিং করে রাতের খাবার খেতে হোটেলে যান চালক মোজাফর ও হেলপার রুবেল। এ সময় একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে পেট্রোল ঢেলে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান।

ফরিদপুরে বাসে আগুন, চালক নিহত

সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মৃত নুরউদ্দীন শেখের ছেলে।

খবর পেয়ে রাত ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁয় নওগাঁয় পার্কিং করে রাখা ২ বাসে আগুন

নওগাঁ শহরে সড়কের পাশে পার্কিং করে রাখা ২টি বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান। তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে জ্বালানো মশার কয়েলের আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কিশোরগঞ্জে সরকারি মহিলা কলেজের বাসে আগুন

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর বাজার এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই বাজিতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ওসি এস এম শহীদুল্লাহ। তিনি বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় যাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতে যারা বাসে ভ্রমণ করেন, তাদের মনে ভয় কখন, কোন পাশ থেকে না জানি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত বাসে আগুন দেওয়ার যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বেশিরভাগ পার্কিং করা ছিলো।

/জেএইচ/