ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা কলেজ সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত গাড়ি

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এবার দিনদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষদের পাশে গাড়ি পার্কিং করা ছিলো। চালক দুপুরের খাবার শেষে গাড়ির দরজা খুলতে গেলে হঠাৎ সেটিতে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অন্য একটি সূত্র জানিয়েছে, বেলা একটা থেকে দুইটার মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ককটেলটি ভবনের ওপরের দিক থেকে ছোঁড়া হয়েছে বলে দাবি করছেন অনেকে।

এদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের সদস্যসচিব মানসুর রাফি। তিনি বলেন, ‘ক্যাম্পাসে এখনো ছাত্রলীগের পদধারী যারা আছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত যেসব কর্মচারী রয়েছেন, তারাই মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। এদের ধরতে পারলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল বলেন, ‘এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি বর্তমানে ব্যবসায় শিক্ষা অনুষদে অবস্থান করছি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিগগিরই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।’

/জেএইচ/