ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
আগুনে পুড়ে যাওয়া বাসের সামনে জনতার ভিড়। ছবি: সিটিজেন জার্নাল

ফরিদপুর শহরে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়েছে। তার নাম কালাচান শেখ (৬০)।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহত কালাচান শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের মৃত নুরউদ্দীন শেখের ছেলে।

আগুনে পুড়ে ছাই বাস
আগুনে পুড়ে ছাই বাস

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস জেলার নতুন বাসস্ট্যান্ডের সামনে মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। গভীর রাতে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ।

খবর পেয়ে রাত ১টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির মালিক ফরিদপুর শহরের রথখোলা সিংপাড়া এলাকার বাসিন্দা তপন কুমার দাস (৫০)।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখি। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বাসের চালক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়।’

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় চালকের শরীরে আগুনের পোড়া ক্ষত পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে শহরের বিভিন্ন সড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কী কারণে এবং কারা বাসটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

/জেএইচ/