শিরোনাম

ভারতের হাইকমিশনারকে ভিসা সেন্টার চালুর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
ভারতের হাইকমিশনারকে ভিসা সেন্টার চালুর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন ছবি: সংগৃহীত

বাংলাদেশে বন্ধ থাকা ভারতীয় ভিসা সেন্টারগুলো চালু এবং ভিসা দেওয়ার হার বাড়াতে দেশটির হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রবিবার (১ মার্চ) ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী তাকে এই অনুরোধ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনুরোধের প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার বলেন, ‘আমরা পর্যাপ্ত মেডিকেল ভিসা দিচ্ছি। কিন্তু গত দেড় বছরে আমাদের বিভিন্ন ভিসা সেন্টারগুলোর ওপর ‘মব’ হামলা ও বিক্ষোভসহ সার্বিক নিরাপত্তা অবনতি হওয়ায় ভিসা সেন্টারগুলো বন্ধ এবং ভিসা দেওয়ার হারও কম ছিল। ’

প্রণয় ভার্মা বলেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। নিরাপত্তা নিশ্চিত হলে পর্যায়ক্রমে ভিসা সেন্টারগুলো খুলে দেওয়া হবে। একই সঙ্গে ভিসা প্রদানের হারও ক্রমান্বয়ে বাড়ানো হবে বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন হাইকমিশনার।

স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা সেন্টারসহ ভারতীয় স্থাপনায় কোনো ধরনের ‘মব হামলা’ হবে না মর্মে হাইকমিশনারকে আশ্বস্ত করেন। এ ছাড়া তিনি ভারতীয় হাইকমিশন অফিসসহ ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে হাইকমিশনারকে জানান।

এই সময় হাইকমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বর্তমানে ভারতীয় ভিসার আবেদন অনলাইনে নেওয়া হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ককে বাধাগ্রস্ত করে । এজন্য তিনি সীমান্তে হত্যার সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনতে হাইকমিশনারকে অনুরোধ করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্য দেশের রাজনৈতিক দলের পারস্পরিক সম্পর্ক নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনাররের মধ্যে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে দুই দেশের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মব সংস্কৃতি ও হামলা প্রতিরোধ, ভারতীয় ভিসা সেন্টারগুলো চালু ও ভিসা দেওয়ার হার বৃদ্ধি, সাইবার অপরাধ দমন, সীমান্ত হত্যা বন্ধ করা, মহাপরিচালক পর্যায়ে বিজিবি ও বিএসএফের সম্মেলন, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে নানা বিষয়ে প্রশিক্ষণের আয়োজন, বন্দী বিনিময়, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয় ছিল।

বৈঠকের শুরুতে মন্ত্রী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে স্বাগত জানান। হাইকমিশনারও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। হাইকমিশনার এ সময় আশা প্রকাশ করে বলেন, ‘আমরা একসাথে পারস্পরিক ঐতিহাসিক সম্পর্ককে পুনরুদ্ধার করতে চাই।’

বৈঠকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উপহাইকমিশনার পাওয়ান বাঢি, কাউন্সেলর অভিজিৎ সপ্তর্ষি, প্রথম সচিব আন ম্যারি জর্জ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/বিবি/