শিরোনাম

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করবো। যেসব অধ্যাদেশে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলো আমরা গ্রহণ করবো।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাই করতে বৈঠকে বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। সকাল ১১টার পর জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন অধ্যাদেশ কীভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধন করে নেওয়া যায়, আর কোনটার ক্ষেত্রে আরও পরিবর্তন লাগবে, সেগুলো নিয়েই আলোচনা হবে।

তিনি আরও জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কিছু রয়েছে, যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। আবার কিছু অধ্যাদেশে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী জনআকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমরা ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে, যেখানে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হয়েছে, গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বা অংশগ্রহণ করেছে তাদের বিষয়ে ইনডেমনিটির বিষয় আছে, এগুলো আমরা গ্রহণ করব।’

সালাহউদ্দিন আহমদ বলেন, সময় সংক্ষিপ্ত হওয়ায় বিশেষ কমিটিকে দ্রুত সিদ্ধান্তে যেতে হবে। অধিবেশন ১২ তারিখ বসেছে, আবার ২৯ তারিখ বসবে। এর মধ্যে যে সময় আছে, সেই সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে।

গত ১২ মার্চ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অধ্যাদেশগুলো উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। পরে ১৫ মার্চ অনুষ্ঠিত অধিবেশনে অধ্যাদেশগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। ২ এপ্রিলের মধ্যে তা সংসদে উত্থাপন করতে বলা হয়েছে।

সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাস না হলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। সে কারণেই এগুলো বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই-বাছাই শেষে সংসদে প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশের মধ্যে রয়েছে– বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন-সংক্রান্ত প্রভৃতি।

/এফসি/