শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে ।

মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ১০ মার্চ নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি/এডহক কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) -এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নিচের দুইটি নির্দেশনা দেওয়া হলো।

১. এডহক কমিটির সভাপতি: শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ যা সমমান হবে হবে। তবে আবশ্যকীয় ক্ষেত্রে এডহক কমিটির সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা সাপেক্ষে মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।

২. এডহক কমিটির সভাপতি মনোনয়ন: এডহক কমিটির সভাপতি মনোনয়নে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি/ সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্যে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাবেন। এরপর শিক্ষাবোর্ড প্রস্তাবিত ব্যক্তিদের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবেন।

এর আগে সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক ডিগ্রি লাগবে বলে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।

/বিবি/