নিম্নমানের কাজ ও অর্থ অপচয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিম্নমানের কাজ ও অর্থ অপচয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা সরকারি অর্থ অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে মিথ্যা অভিযোগ বা ব্যক্তিগত স্বার্থে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গণপূর্তমন্ত্রী বলেন, গণপূর্ত অধিদপ্তরের কাজের গতি বাড়াতে কুমিল্লা ও বগুড়ায় নতুন দুটি জোন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কুমিল্লা জোনের অধীনে অনেক জেলা ও উপজেলা থাকায় কাজের চাপ বেশি। এ কারণে নতুন জোন গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, প্রকল্পের কাজে অনিয়ম ঠেকাতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। এই প্যানেল থেকে চার-পাঁচজনের একেকটি দল দেশের বিভিন্ন জেলা ও প্রকল্পে হঠাৎ পরিদর্শনে যাবে। প্রতিবার আলাদা দল পাঠানো হবে। তারা সরেজমিনে নির্মাণকাজের মান, অগ্রগতি ও খরচ যাচাই করবে। এতে প্রকল্পের বাস্তব চিত্র জানা যাবে এবং অনিয়মের সুযোগ কমবে বলে আশা করেন তিনি।

জাকারিয়া তাহের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন। তার নেতৃত্বে আগামী ১০ বছর দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। এ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর
মতবিনিময় সভায় কথা বলছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের অর্থ। প্রতিটি প্রকল্পে সাধারণ মানুষের শ্রম, ঘাম ও অর্থ জড়িয়ে আছে। তাই সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যক্তিগত স্বার্থের চেয়ে রাষ্ট্রের স্বার্থকে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, প্রকল্পের খরচ যৌক্তিক রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। নির্মাণকাজের মান নিশ্চিত করার পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার বন্ধ করতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।

সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসবি/