১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন
প্রতীকী ছবি

সারাদেশে গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ১২ দিনে সারাদেশে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিশেষ করে গণপরিবহনে আগুন দেওয়া, বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি এসব নাশকতার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, সংগঠক এবং অর্থের জোগানদাতাদেরও খুঁজে বের করা প্রয়োজন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, দ্রুততম সময়ে রেসপন্স করা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

/এসবি/