শিরোনাম

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন চীনা রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ঢাকায় নিযুক্ত ইয়াও ওয়েন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে এ সাক্ষাতের অনুরোধ জানান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত দুটি পৃথক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

সূত্র আরও জানায়, গত ১৪ ফেব্রুয়ারি চীন অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানিয়েছিল। তবে তখন শপথ না হওয়ায় নতুন করে চিঠি দিয়ে সময় চাওয়া হয়েছে। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ এক অর্থে হয়ে গেছে। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা গত মঙ্গলবার শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি, হাইকমিশনার প্রণয় ভার্মা এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন, শপথ অনুষ্ঠানে ভারত প্রতিনিধি পাঠিয়েছিল, একইভাবে চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান।

/এসএ/