শিরোনাম

প্রবাসীদের হয়রানি বন্ধে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রবাসীদের হয়রানি বন্ধে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (ছবি: সংগৃহীত)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, হজরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের সংস্কারকাজ শেষ করে দ্রুত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের দুর্ভোগ ও প্রবাসীদের হয়রানি বন্ধেও কাজ করছে সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘সামনে আমাদের পবিত্র হজ আসছে। হজ যাত্রীদের যেন ভোগান্তি না হয় সেই বিষয়ে নজর রাখা হবে।’

বিমানবন্দরে প্রবাসীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না বলে উল্লেখ করে বিমানমন্ত্রী বলেন,‘আমরা চাচ্ছি প্রবাসে যারা আছেন। তারা যেন বিমান বন্দরের কমফোর্ড জোনে থাকে। বিমান বন্দরে নেমে তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি পড়তে না হয়। বিমান বন্দরের পরিবর্তনের বিষয়টি প্রবাসীরা যেন নেমেই বুঝতে পারে।’

আফরোজা খানম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরে দেখেছি এই দপ্তরে প্রচুর কাজ পড়ে আছে। আমাদের সময় নষ্ট না করে বুঝে শুনে ধীরে ধীরে তারেক রহমানের পরামর্শে জমে থাকা কাজগুলো করতে হবে।’

বিমান বন্দরের দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আফরোজা খানম বলেন, ‘আমাদের সরকার দুর্নীতির বিষয়ে ‘জিরোটলারেন্স’ অবস্থানে আছে। শুধু বিমান বন্দর নয় সব দপ্তরের অনিয়ম আর দুর্নীতির ব্যাপারে আমাদের সরকার কঠিনভাবে নেমেছেন। দুর্নীতির ব্যাপারে আমাদের বারবার নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যেন সততার সঙ্গে কাজ করি। বিমান বন্দরের টিকিট সিন্ডিকেটের ব্যাপারে আমরা সর্তক আছি।’

/বিবি/