শিরোনাম

মধ্যরাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আইজিপি

নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আইজিপি
পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আকস্মিক মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান। ছবি: পুলিশের সৌজন্যে

মধ্যরাতে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। অপরাধী যে-ই হোক, তাদের কঠোর হাতে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা পরিদর্শন করেন আইজিপি। পরে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি হিসেবে আলী হোসেন ফকির গত বুধবার দায়িত্ব নেন। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তিনি মোহাম্মদপুর এলাকার নিরাপত্তাব্যবস্থা তদারক করতে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান ও মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

আইজিপি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, মোহাম্মদপুর টাউন হল ও মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে পুলিশের নিরাপত্তা দায়িত্ব ঘুরে দেখেন। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। রাত ১টার দিকে আইজিপি আকস্মিক মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান। সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

আইজিপি বলেন, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। এ কারণে তিনি নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণে রাস্তায় নেমেছেন। সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক-সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয়জীবনে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় নিজে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে জানান আইজিপি। তিনি বলেন, সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা। এখানে বিভিন্ন অবৈধ ব্যবসার বিস্তার রয়েছে।

আইজিপি বলেন, রাজধানীর ফুটপাত দখল হয়ে যাওয়ার পর এখন সড়কও দখলের শিকার। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ দুটিই ক্ষতিগ্রস্ত হয়

পুলিশ বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে পুলিশের সদস্যসংখ্যা মাত্র ২ লাখ ২০ হাজার। আর ঢাকা শহরে প্রায় ৪ কোটি মানুষের বসবাস। তাই নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সবাইকে তিনি আইন মেনে চলার আহ্বান জানান ।

ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলছে বলে জানান আইজিপি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিজে রাতে টহলে থাকার ঘোষণা দেন তিনি।

/এফসি/