শিরোনাম

‘কোনো বিদেশি শক্তি চীন-বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত করতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক
‘কোনো বিদেশি শক্তি চীন-বাংলাদেশ সম্পর্ক প্রভাবিত করতে পারবে না’
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ প্রথম’ নীতিকে সমর্থন দিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘চাপ’ নিয়ে এক প্রশ্নে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে আমাদের সহযোগিতাকে ক্ষুণ্ন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।’

আরও বলেন, ‘বাংলাদেশ বা অন্য দক্ষিণ এশীয় দেশের সঙ্গে চীনের সম্পর্ক এই অঞ্চলের মানুষের উপকারের জন্য এবং এটাকে সমর্থন ও ধারণ করে থাকে এই অঞ্চলের মানুষ। সুতরাং তৃতীয় কোনো দেশকে টার্গেট করে আমাদের সম্পর্ক নয় এবং কোনো বিদেশি শক্তির দ্বারা এটার ক্ষতিগ্রস্ত হওয়াও উচিত নয়।’

তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘দীর্ঘদিন ধরে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা চলমান রয়েছে। এটি শিগগিরই শুরু হবে, এটি আমার অন্যতম প্রত্যাশা।’

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক বিজয় এবং দেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন বলে মত দেন ইয়াও ওয়েন।

/টিই/