শিরোনাম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, ‘ভালো’ বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, ‘ভালো’ বললেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বুধবার (৪ মার্চ) সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: সংগৃহীত

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক শেষে পল কাপুর বলেছেন, ‘বৈঠক ভালো হয়েছে।’

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার কিছু সময় আগে মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন । এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সকাল ১০টার কিছু সময় পর বেরিয়ে যান।

বৈঠক শেষে যাওয়ার সময় সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্নের উত্তর দেননি পল কাপুর। শুধু বলেছেন, ‘ভালো’ আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ‘কৌশলগত বন্ধন’ জোরদারের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৩ মার্চ) দুদিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠনের পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বুধবার (৪ মার্চ) সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বুধবার (৪ মার্চ) সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ছবি: সংগৃহীত

মঙ্গলবার রাতে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছালে পল কাপুরকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক আরশুদা খান।

ঢাকায় মার্কিন দূতাবাসের এক্স বার্তায় তার আসার খবর দিয়ে বলা হয়, ’সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত বন্ধন জোরদারে সরকারি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কাপুর।’

সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সফর সূচি অনুযায়ী পল কাপুর আজ সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নৈশভোজে অংশ নেবেন।

আগামীকাল বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পর বিএনপি নেতাদের সঙ্গে পল কাপুরের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিন দুপুরে বাংলাদেশে থাকা বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন পল কাপুর। এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যাবেন।

বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তিনি বৈঠক করবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।

বৃহস্পতিবার রাতেই ওয়াশিংটনের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও ভারতসহ এ অঞ্চলের কূটনীতি সামলাতে পল কাপুরকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করতেন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি পল কাপুর।

/এফসি/