শিরোনাম

পিংক বাস কোন কোন রুটে চলবে, জেনে নিন ভাড়ার তালিকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
পিংক বাস কোন কোন রুটে চলবে, জেনে নিন ভাড়ার তালিকা
মহিলা বাস সার্ভিস। ছবি: সংগৃহীত

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াতের কথা বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের তিন শহরে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের জন্য চালু হওয়া এই বিশেষ পরিবহন ব্যবস্থা ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। শুরুতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে মোট ১৪টি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, এর মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস চলাচল করবে। বিশেষ এই সেবার বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে নারী যাত্রীরা নারী চালক ও কন্ডাক্টরের পাশাপাশি অন্য নারী যাত্রীদের সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন।

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস

রাজধানীতে প্রাথমিকভাবে ১০টি রুটে ১০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রুট হলো—

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান হয়ে মতিঝিল।

তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় হয়ে জিপিও।

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে পিংক বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, ঢাকায় চালু হওয়া ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং বাকি নয়টি দ্বিতল বাস।

পিংক বাসের ভাড়া কত

পিংক বাসে আলাদা কোনো বিশেষ ভাড়া নির্ধারণ না করে সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকর করার কথা জানিয়েছে বিআরটিসি। যাত্রীদের সুবিধার জন্য বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

চট্টগ্রামে চলাচলকারী পিংক বাসের ক্ষেত্রে যাত্রার দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেখানে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং সর্বোচ্চ ৬৮ টাকা।

পিংক বাসে থাকছে ই-টিকিটের সুবিধা

নারীদের জন্য এই পরিবহন সেবাকে আরও আধুনিক করতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এ বিষয়ে বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এর ফলে যাত্রীরা বাসে ওঠার আগে ডিজিটাল পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে টিকিট কেনার প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি যাত্রীসেবায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।

পিংক বাসে থাকবে ভেহিক্যাল ট্র্যাকিং

পিংক বাসে যুক্ত করা হয়েছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)। এর মাধ্যমে বাসের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা যাবে। ফলে নির্ধারিত রুটে বাস চলাচল করছে কি না, সেটিও নজরদারির আওতায় থাকবে।

এ ছাড়া বাসগুলো নির্ধারিত স্টপেজে থামানোর ব্যবস্থা রাখা হয়েছে। এতে যাত্রীদের ওঠানামা আরও সুশৃঙ্খল হবে এবং নারী যাত্রীদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছে বিআরটিসি।

কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা

উদ্বোধনের দিন থেকেই নতুন এই সেবা নিয়ে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। বিশেষ করে প্রতিদিন গণপরিবহনে চলাচল করা কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা পিংক বাস নিয়ে আশাবাদী।

তাদের প্রত্যাশা, বাসগুলো নির্ধারিত সময়ে নিয়মিত চলাচল করলে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সময় ভোগান্তি কমবে। একই সঙ্গে নারী চালক, কন্ডাক্টর ও নারী যাত্রীদের জন্য আলাদা পরিবেশ থাকায় যাত্রাপথে নিরাপত্তাবোধও বাড়তে পারে।

চাহিদা অনুযায়ী বাড়বে রুট ও বাস

বিআরটিসি জানিয়েছে, নতুন এই সেবায় যাত্রীদের সাড়া ও চাহিদা পর্যবেক্ষণ করে ভবিষ্যতে বাসের সংখ্যা এবং রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নারী চালক ও কন্ডাক্টর, নির্ধারিত স্টপেজ, ই-টিকিটিং, ভেহিক্যাল ট্র্যাকিং এবং নারী যাত্রীদের জন্য আলাদা পরিবহন—সব মিলিয়ে পিংক বাসকে নারীবান্ধব গণপরিবহনের নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নিয়মিত ও সময়ানুবর্তীভাবে সেবা পরিচালনা করা গেলে রাজধানীসহ সংশ্লিষ্ট শহরগুলোর নারীদের দৈনন্দিন যাতায়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

/এবি/