শিরোনাম

হাজতের ভেতরে আ.লীগ নেতার ভিডিও, ওসি প্রত্যাহার

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
হাজতের ভেতরে আ.লীগ নেতার ভিডিও, ওসি প্রত্যাহার
সাতক্ষীরা থানা

সাতক্ষীরা সদর থানার হাজতে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওসি মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে জেলা পুলিশ এ সিদ্ধান্ত নেয়। তবে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। আর হাজতের ভেতর থেকে ভিডিও ধারণের ঘটনায় কারও গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসিকে প্রত্যাহারের পর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন পরিদর্শক (তদন্ত) শাহেদুর রহমান। তিনি বলেন, ‘ওসি সাহেব পুলিশ লাইনসে গেছেন। আপাতত আমি দায়িত্ব পালন করছি।’

বদলি হওয়া অন্য দুই জনের বিষয়ে বলেন, ‘পিংকি রায়কে শ্যামনগরে ও এনিভা খাতুনকে কালীগঞ্জ থানায় বদলি করা হয়েছে।’

এর আগে গত শনিবার সকালে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম, জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে আলমগীর হোসেনের হাজতের ভেতর থেকে দেওয়া ১৮ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, ১৫ আগস্ট বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী থানা হাজতে আটক ছিলেন। তখন একজন ব্যক্তি থানায় এসে তাদের সঙ্গে দেখা করেন এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এটি থানার সিসিটিভি ক্যামেরায় সংরক্ষিত আছে।

হাজত থেকে দেওয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। এর মধ্যে গতকাল সোমবার বিকালে ওসি মাসুদুর রহমানের অপসারণ ও শাস্তির দাবিতে শহরের নিউমার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। এই কর্মসূচির কয়েক ঘণ্টা পর রাতে ওসিসহ তিন কর্মকর্তাকে বদলি করা হয়।

/এসআর/