শিরোনাম

‘৬৯০ বন্দি এখনো পলাতক, জঙ্গিবাদে জড়িত ৬ জন গ্রেপ্তার’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘৬৯০ বন্দি এখনো পলাতক, জঙ্গিবাদে জড়িত ৬ জন গ্রেপ্তার’
সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্তত ৬৯০ বন্দির এখনো খোঁজ মেলেনি। পলাতক বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ৬ জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আইজি প্রিজন বলেন, সেই অস্থিরতার সময় বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪০ জন বন্দি পালিয়েছিলেন। তাদের অধিকাংশকেই এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির পরিচয় নিশ্চিত করা যায়নি। কারণ, হামলা ও অগ্নিসংযোগের সময় সার্ভার এবং ডাটাবেজসহ কারাগারের যাবতীয় নথি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ৬ জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন এখনো পলাতক রয়েছেন।

সৈয়দ মোতাহের হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ৬ জনের মধ্যে জুয়েল নামে একজন জামিন পেয়েছিলেন, কিন্তু সম্প্রতি তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতকদের অধিকাংশই জঙ্গি নন। বরং তারা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত বা বিচারাধীন আসামি।

আইজি প্রিজন বলেন, পলাতকদের গ্রেপ্তারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ন্যস্ত, আর কারা কর্তৃপক্ষ তাদের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।

/এফসি/