মার্কিন সেনারা ইরান সীমান্ত থেকে ১ হাজার কিমি পিছিয়ে গেছে: আইআরজিসি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন সেনারা ইরান সীমান্ত থেকে ১ হাজার কিমি পিছিয়ে গেছে: আইআরজিসি
মার্কিন বিমানবাহী রণতরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির মুখে মার্কিন বাহিনী ইরানের সীমান্ত এলাকা থেকে প্রায় এক হাজার কিলোমিটার পিছিয়ে যেতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আলি ফাদাভি। আইআরজিসির কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্বরত এ জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার (৬ নভেম্বর) এ কথা জানান। ইরানি বাহিনীর শক্ত প্রতিরোধের মুখেই যুক্তরাষ্ট্রের এই পিছু হটা।

তিনি উল্লেখ করেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার সময় মার্কিন সেনারা তাদের রণসজ্জা নিয়ে ইরানের সীমান্তের ঠিক যেখানে অবস্থান নিয়েছিল, সেখান থেকে বর্তমানে তারা এক হাজার কিলোমিটার দূরে সরে গেছে। আলি ফাদাভি বলেন, যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।

সীমান্তের এ সামরিক মোকাবিলার পাশাপাশি ওয়াশিংটনের সব রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলও ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিপ্লবী গার্ডের এ শীর্ষ কর্মকর্তা। তার মতে, কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পরও ইরানি জনগণকে নিজেদের শর্তে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, আমাদের দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানিদের তাদের লক্ষ্য থেকে সরাতে এবং তাদের চাপের কাছে নতি স্বীকার করাতে পারেনি।

অন্যদিকে, দুই দেশের এমন চরম উত্তেজনার মধ্যেই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ৯ নভেম্বর রাতে ইরানে সামরিক অভিযান চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে আয়োজিত বৈঠকে এ সম্ভাব্য হামলার সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/