হুথিদের ৫১ বিলিয়ন ডলার দাবির খবর ভিত্তিহীন: সৌদি আরব

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হুথিদের ৫১ বিলিয়ন ডলার দাবির খবর ভিত্তিহীন: সৌদি আরব
সৌদি আরবের পতাকা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সংঘাত বন্ধের বিনিময়ে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার এবং দেশটির শাসক হিসেবে স্বীকৃতি চেয়েছে- মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এমন খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছে রিয়াদ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিবেদনের দাবিকে অস্বীকার করেছেন।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনকে মনগড়া আখ্যা দিয়ে সৌদি আরবের জন কূটনীতি বিষয়ক উপমন্ত্রী রায়েদ ক্রিমলি এক্সে এক পোস্টে লেখেন, ‘এ খবরের কোনো ভিত্তি নেই’। তিনি এ দাবিগুলোকে সংবাদপত্রটির লেখক বা তাদের কথিত সূত্রের মনগড়া কাহিনী বলে জানিয়েছেন।

পোস্টে ক্রিমলি বিদ্রোহী গোষ্ঠীটির তীব্র সমালোচনা করে বলেন, হুথিরা ইয়েমেনের নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে নিজের স্বার্থ হাসিলে তারা দেশকে এমন সব সংঘাত ও কর্মসূচিতে জড়িয়ে ফেলছে, যেটি ইয়েমেনের জন্য মোটেও অনুকূল নয়।

এ উপমন্ত্রী আরও অভিযোগ করেন, মিলিশিয়া গোষ্ঠীটি লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজ, বেসামরিক মানুষ ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে এবং সব ধরনের শান্তি প্রস্তাব বুড়ো আঙুল দেখাচ্ছে। ইয়েমেনের সার্বভৌমত্বের বিষয়টি মনে করিয়ে তিনি বলেন, ইয়েমেনে ইওমধ্যেই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার রয়েছে।

সূত্র: আরব নিউ

/এমএকে/