কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ছবি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের কাছে কাতারের মাধ্যমে একটি নতুন পারমাণবিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে তেহরান জানিয়েছে, ওয়াশিংটন যতক্ষণ তাদের ৭টি শর্ত পূরণ না করছে, ততক্ষণ পর্যন্ত এ প্রস্তাব নিয়ে কোনো আলোচনা হবে না।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়াশিংটন বর্তমানে ইরানের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সংঘাত আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে মধ্যস্থতাকারীরা প্রচেষ্টা জোরদার করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোটের পর যুদ্ধ আবারও নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা একবারে নাকচ করে দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান জানিয়েছে, পুনরায় সংঘাত শুরু হলে আরও ভয়াবহ ও ব্যাপক প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাই বলেন, ‘কূটনীতির বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত ঘোষণা করেছি। যতক্ষণ না তারা আমাদের শর্তগুলো পূরণ করছে, আমরা হরমুজ প্রণালি খুলবও না, আলোচনাও করব না।’ ইরানের দেওয়া এসব শর্তের মধ্যে প্রধান হলো- মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ করে রাখা ইরানি সম্পদ পুরোপুরি মুক্ত করা এবং যুদ্ধকালীন ক্ষতির ক্ষতিপূরণ প্রদান।

অন্যদিকে ওয়াশিংটনও তাদের অবস্থানে অনড়। তারা জানিয়েছে, যেকোনো ধরনের প্রাথমিক আলোচনা শুরু করতে হলে সেখানে পারমাণবিক ইস্যু অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সূত্র: রয়টার্স

/এমএকে/