ইরানে পুনরায় হামলা হলে লক্ষ্যবস্তু হবে ইউরোপ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানে পুনরায় হামলা হলে লক্ষ্যবস্তু হবে ইউরোপ
ইরানের সংসদ সদস্য হোসেইন আলি হাজি দেলিগানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে নতুন করে কোনো হামলা চালায়, তবে তার পাল্টা জবাব কেবল মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এ প্রতিশোধের আঘাত ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদ সদস্য হোসেইন আলি হাজি দেলিগানি। একই সঙ্গে এ উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেলিগানি জানান, পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ওয়াশিংটন বা তেল আবিব যদি পুনরায় আঘাত হানে, তবে তেহরান শুধু আক্রমণস্থল কিংবা নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আটকে থাকবে না। যেকোনো হামলার ধরন বিবেচনায় না নিয়েই ইরান একযোগে ব্যাপক ও বহুগুণ শক্তিশালী আক্রমণ চালাবে।

তিনি বলেন, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’। ফলে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এর ভয়াবহ প্রভাব পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে।

এদিকে ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ নিয়েও বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এ ইরানি আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে সরাসরি ‘যুদ্ধের একটি ধরন’ বলে আখ্যা দেন তিনি। পাশাপাশি মার্কিন নৌ অবরোধের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘উপযুক্ত সময়ে’ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও বার্তা দেন তিনি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/